
কাঙ্কের, ১২ জুন (হি.স.): ছত্তিশগড়ের কাঙ্কেরে বজ্রপাতের জেরে মৃত্যু তিন পুরুষ শ্রমিক, গুরুতরভাবে আহত পাঁচ মহিলা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে, কাঙ্কেরের অন্তাগড় ব্লকে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান আইন প্রকল্পের কাজ করার সময় আচমকা বজ্রপাতের কারনে ঘটে এই মর্মান্তিক ঘটনা। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সন্তোষ প্যাটেল, প্রকাশ প্যাটেল এবং মনরাজ প্যাটেল। তাঁরা সকলেই স্থানীয় কলগাঁওয়ের বাসিন্দা ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কলগাঁও গ্রামে সরকারি প্রকল্পের অধীনে একটি পুকুর খননের কাজ চলছিল। কর্মরত ছিলেন প্রায় ৭০ জন গ্রামবাসী। কাজ চলাকালীন আচমকাই ঝড়বৃষ্টি সহ বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। বৃষ্টি থেকে বাঁচতে আটজন শ্রমিক গাছের নিচে আশ্রয় নিলে ঠিক সেই সময়ই ওই গাছের ওপর বজ্রপাত হয়।
বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন পুরুষের। গুরুতরভাবে আহত হয় পাঁচ মহিলা। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে অন্তাগড়ের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তবে আহত এক মহিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কাঙ্কেরের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক