
জলপাইগুড়ি, ১২ জুন (হি.স.):
রাজ্যজুড়ে অবৈধ বাংলাদেশি নাগরিকদের
বিরুদ্ধে চলা জোরদার অভিযানের মধ্যেই শুক্রবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের
ফাটাপুকুর হোল্ডিং সেন্টারে ২৬ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে এনে অস্থায়ীভাবে
রাখা হয়েছে। ধৃতদের মধ্যে ১৫ জন মহিলা, ৭ জন শিশু এবং ৪ জন পুরুষ রয়েছেন।
সূত্রের খবর, এই ব্যক্তিরা
প্রায় তিন থেকে চার বছর আগে অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন।
অনুপ্রবেশের পর তাঁরা এই অঞ্চলের বিভিন্ন এলাকায় রিকশা চালানো, রং
মিস্ত্রি বা রঙের কাজের মতো ছোটখাটো পেশায় যুক্ত ছিলেন। এই দীর্ঘ সময়ে তাঁদের
মধ্যে বেশ কয়েকজন এখানেই সংসার পাতেন এবং তাঁদের সন্তানদের জন্মও এ দেশেই হয়েছে
বলে জানা গেছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্যে
নতুন নির্দেশিকা জারি হওয়ার পর অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করে
তাঁদের প্রতিটি জেলায় তৈরি হওয়া হোল্ডিং সেন্টারে রাখার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই
নির্দেশ মেনেই এদিন ইসলামপুর এলাকা থেকে একটি বাসে করে এই ২৬ জনকে ফাটাপুকুর
হোল্ডিং সেন্টারে নিয়ে আসা হয়।
বর্তমানে ফাটাপুকুর হোল্ডিং সেন্টারটিকে
অস্থায়ীভাবে সম্পূর্ণ সুরক্ষিত করা হয়েছে। গোটা চত্বর সিসি ক্যামেরার
নজরদারিতে মুড়ে ফেলার পাশাপাশি চারপাশ টিনের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
সেন্টারের ভেতরে ধৃতদের থাকা, খাওয়া এবং শৌচাগারের পর্যাপ্ত
ব্যবস্থাও করেছে প্রশাসন। নিরাপত্তার খাতিরে ২৪ ঘণ্টা পুলিশ কর্মী ও সিভিক
ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরবর্তী
আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁদের এখানেই রাখা হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি