
পালামু, ১২ জুন ( হি.স.): ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ঘটল ট্রেন দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে, মেদিনীনগর টাউন থানার অন্তর্গত শান্তিপুরী অঞ্চলে। ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় এক বৃদ্ধার । এদিন পুলিশ সূত্রে জানা গেছে , মৃতের নাম লক্ষ্মী দেবী (৬৮)। তিনি ছতরপুরের খাটিন গ্রামের বাসিন্দা।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বৃদ্ধা লক্ষ্মী দেবী বেশ কিছুদিন ধরে ডালটনগঞ্জেই থাকতেন। বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃতের পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার হঠাৎই তিনি বাড়িতে থেকে বেরিয়ে যান, আর ফেরেননি। এদিন সকালে স্থানীয়রা বৃদ্ধার রক্তাক্ত দেহ রেললাইনের ওপর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক