দূষিত কুয়োর জল থেকেই সংক্রমণের আশঙ্কা, ওয়েনাড়ে শিগেলা আক্রান্ত বেড়ে ৯
ওয়েনাড়, ১২ জুন (হি.স.) : কেরলমের ওয়েনাড় জেলার সুলতান বাথেরির একটি স্কুলে ছড়িয়ে পড়া শিগেলা সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার আরও এক পড়ুয়ার শরীরে শিগেলা সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। স্বাস্থ্য দফতর জানিয়েছে, আরও ক
দূষিত কুয়োর জল থেকেই সংক্রমণের আশঙ্কা, ওয়েনাড়ে শিগেলা আক্রান্ত বেড়ে ৯


ওয়েনাড়, ১২ জুন (হি.স.) : কেরলমের ওয়েনাড় জেলার সুলতান বাথেরির একটি স্কুলে ছড়িয়ে পড়া শিগেলা সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার আরও এক পড়ুয়ার শরীরে শিগেলা সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। স্বাস্থ্য দফতর জানিয়েছে, আরও কয়েক জন পড়ুয়ার নমুনা পরীক্ষার রিপোর্ট শুক্রবার পাওয়া যেতে পারে।

কলিয়াডি স্কুলে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর জেলায় নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, সংক্রমণজনিত উপসর্গ দেখা দেওয়ায় স্কুলের ৫০২ জন পড়ুয়া চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে এখনও ৪৭ জন হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে অথবা তারা সুস্থ হয়ে উঠেছে।

সংক্রমণ যাতে ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে আরও না ছড়ায়, সেই কারণে তিনটি পঞ্চায়েত এলাকা এবং সুলতান বাথেরি পুরসভা এলাকার স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের শিশুদের জনসমাগমে না নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে স্কুল চত্বরে থাকা একটি কুয়ো থেকে সংগ্রহ করা জলের পরীক্ষায় গুরুতর ব্যাকটেরিয়া দূষণের প্রমাণ মিলেছে। পরীক্ষাগারে পাওয়া রিপোর্টে ওই জলকে সম্পূর্ণ অনিরাপদ এবং ব্যবহার অনুপযুক্ত বলে উল্লেখ করা হয়েছে। এর জেরে দূষিত কুয়োর জল থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে স্বাস্থ্য দফতরের সন্দেহ আরও জোরালো হয়েছে। সংক্রমণের প্রকৃত উৎস এবং দূষণের মাত্রা নির্ধারণে তদন্ত চালানো হচ্ছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুল চত্বর এবং সংলগ্ন এলাকার কুয়োগুলিতে ক্লোরিন মেশানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি পানীয় জলের মান পরীক্ষা, সচেতনতা প্রচার এবং জনস্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য পদক্ষেপও নেওয়া হচ্ছে। স্বাস্থ্য দফতর সাধারণ মানুষকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার, নিরাপদ পানীয় জল ব্যবহারের এবং ডায়রিয়া, জ্বর, বমি বা পেটব্যথার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে। জেলা প্রশাসনের দাবি, সংক্রমণ রুখতে এবং পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande