
বাঁকুড়া, ১২ জুন (হি.স.) : পঞ্চায়েত অফিসের মধ্যেই নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকার অভিযোগ উঠল এক প্রধানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক সমালোচনা।
ঘটনাটি ছাতনা বিধানসভার ঝুঞ্জকা গ্রাম পঞ্চায়েতের। অভিযোগ, পঞ্চায়েত প্রধান রামেশ্বর হেমব্রম বৃহস্পতিবার নিজের দফতরেই নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন আচরণ করেন এবং এক পর্যায়ে বেহুঁশ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। সেই দৃশ্য ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন অন্যান্য দিনের মতোই তিনি পঞ্চায়েত অফিসে যান। এরপরই অফিসে ঢুকে তাঁকে ওই অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। কেউ কেউ মোবাইলে ভিডিও তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি চেয়ারে বসার চেষ্টা করলেও স্থিরভাবে বসতে পারছেন না এবং এক পর্যায়ে পড়ে যান। ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর প্রধানের অপসারণ ও দলীয় ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। পাশাপাশি পঞ্চায়েত অফিসে সিসিটিভি বসানোর দাবিও উঠেছে।
অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র সমালোচনা করে বলা হয়েছে, পঞ্চায়েত অফিসগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে এবং অনৈতিক কার্যকলাপ চলছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই এখন নজর স্থানীয়দের।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট