
দুর্গাপুর, ১২ জুন (হি.স.) : কয়লা ও বালি পাচার, তোলাবাজি এবং একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন পাণ্ডবেশ্বরের প্রভাবশালী ব্যবসায়ী যুধিষ্ঠির ঘোষ। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুধিষ্ঠির ঘোষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কয়লা ও বালি পাচার, জুলুমবাজি, তোলাবাজি এবং ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। খনি এলাকায় ডিও কয়লা পরিবহণকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেটে তিনি অন্যতম প্রভাবশালী মুখ ছিলেন বলে অভিযোগ। কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে টন-পিছু মোটা অঙ্কের টাকা আদায় করা হত বলেও তদন্তকারীদের দাবি।
অভিযোগ, বিভিন্ন খোলামুখ খনি থেকে কয়লা তুলে পাচার এবং অজয় নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের মাধ্যমে অল্প সময়ে বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠেন যুধিষ্ঠির। পাণ্ডবেশ্বর ও সংলগ্ন এলাকায় তাঁর একাধিক বাড়ি, জমি, দামি গাড়ি এবং বিপুল সম্পত্তি রয়েছে বলে স্থানীয় মহলে দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল।
এর আগে কয়লা ও বালি পাচার চক্রের তদন্তে কেন্দ্রীয় সংস্থা ইডিও তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল। আর্থিক লেনদেন এবং সম্পত্তি সংক্রান্ত নথিও খতিয়ে দেখা হয়।
স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় তাঁর প্রভাব এতটাই ছিল যে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেতেন না। গত বছর পাণ্ডবেশ্বরের এক সভা থেকে তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যুধিষ্ঠির ঘোষের নাম উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।
এদিন থানার লকআপ থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় যুধিষ্ঠির ঘোষকে লক্ষ্য করে ক্ষুব্ধ জনতার একাংশ ডিম ছোড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা