
দক্ষিণ ২৪ পরগনা, ১৪ জুন (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে গোসাবা থানার অন্তর্গত পাঠানখালি বেলতলা এলাকার ঘটনা। এলাকার বাসিন্দা আমজেদ সর্দার মেয়েকে নিয়ে পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময়ে তাঁর মেয়ের পায়ে প্লাস্টিকে মোড়ানো শক্ত কোনও জিনিস ঠেকে। সেটি তুলতেই দেখা যায় প্লাস্টিকের প্যাকেটের মধ্যে একটা বন্দুক রয়েছে। গোসাবা থানার পুলিশ এসে সেটি উদ্ধার করে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে পাঠানখালি বেলতলা এলাকায় একটি পুকুরে মাছ ধরার সময় আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা আমজেদ সর্দার মেয়েকে নিয়ে পুকুরে মাছ ধরতে গেলে এই অস্ত্র উদ্ধার হয়। এর আগে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি-সহ বেশ কিছু এলাকায় পুকুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছিল এসটিএফ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ