
কলকাতা, ১৪ জুন (হি.স.): রবিবার অর্থাৎ আজ রাজ্যে ডব্লুবিসিএস পরীক্ষা। এই দিনে পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে মেট্রো চালানোর ব্যবস্থা করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ব্লু ও গ্রিন লাইনে চলতে শুরু করে বাড়তি মেট্রোও। রবিবার সকাল ৮টা থেকে পাতালপথে ব্লু ও গ্রিন লাইনে পাওয়া যায় পরিষেবা।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে আগেই জানানো হয়, রবিবার ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে প্রথম মেট্রো চালু হয় সকাল ৮টায়। দুই প্রান্তিক স্টেশন থেকে একই সময়ে ছাড়ে মেট্রো। সকাল ৯টা পর্যন্ত আধ ঘণ্টা পরপর মেট্রো পাওয়ার কথা। তারপর থেকে রবিবার নির্দিষ্ট সময় অন্তরই পরিষেবা মিলবে।
গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটেও সকাল ৮টা প্রথম মেট্রো মেলে। হাওড়া ময়দান ও সেক্টর ফাইভ - দুই প্রান্তিক স্টেশন থেকেই প্রথম মেট্রো ছাড়ে সাকল ৮টায়। এই রুটেও সকাল ৯টা পর্যন্ত আধঘণ্টা অন্তর পাওয়া যায় মেট্রো। সাধারণত রবিবার ব্লু লাইনে চলে ১৫২ টি মেট্রো। এই সপ্তাহে তার বদলে ১৫৬ টি মেট্রো চলবে। গ্রিন লাইনে ১০৮টির বদলে ১১২টি মেট্রো পরিষেবা মিলবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত