গোঘাটে জনকল্যাণ শিবিরে মিলছে না পরিষেবা, বিক্ষুব্ধ সাধারণ মানুষ
আরামবাগ , ১৫জুন (হি.স.) : সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হওয়া ‘জন কল্যাণ শিবির’ ঘিরে প্রথম দিনেই ক্ষোভ ও ভোগান্তির অভিযোগ উঠল হুগলির গোঘাট-১ ব্লকে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও বহু মানুষ খালি হাতে ফিরেছেন বল
গোঘাটে জনকল্যাণ ক্যাম্পে বিক্ষুব্ধ জনতা


আরামবাগ , ১৫জুন (হি.স.) : সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হওয়া ‘জন কল্যাণ শিবির’ ঘিরে প্রথম দিনেই ক্ষোভ ও ভোগান্তির অভিযোগ উঠল হুগলির গোঘাট-১ ব্লকে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও বহু মানুষ খালি হাতে ফিরেছেন বলে অভিযোগ।

সোমবার সকাল থেকেই প্রয়োজনীয় নথিপত্র হাতে শিবির প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। কেউ বার্ধক্য ভাতা, কেউ বিধবা ভাতা, মানবিক ভাতা, যুবশক্তি বা আয়ুষ্মান ভারতের সুবিধার আশায় হাজির হন। তবে অভিযোগ, কাউন্টারে পৌঁছানোর পর অনেককেই জানানো হয় নির্দিষ্ট প্রকল্পে আবেদন সম্ভব নয় বা প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি। ফলে হতাশা নিয়ে ফিরতে হয়েছে বহু উপভোক্তাকে।

এক প্রবীণ বাসিন্দার অভিযোগ, “এতক্ষণ লাইনে দাঁড়িয়ে শেষে বলা হচ্ছে এই প্রকল্প হবে না। আগে জানালে এত কষ্ট করতাম না।” একই সুর শোনা গিয়েছে অন্যান্য উপভোক্তাদের মুখেও। স্থানীয়দের একাংশের দাবি, প্রচারে যেভাবে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধার কথা বলা হয়েছিল, বাস্তবে তার অনেকটাই মিলছে না।

এদিন প্রবল গরমের মধ্যেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সমস্যায় পড়েন প্রবীণ, মহিলা ও অসুস্থ ব্যক্তিরা। পর্যাপ্ত বসার ব্যবস্থা, পানীয় জল ও ছায়ার অভাব ছিল বলেও অভিযোগ উঠেছে।

যদিও প্রশাসনের দাবি, মানুষের সুবিধার্থেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন, সংশোধন ও তথ্য পরিষেবা নিয়ম মেনেই চলছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

বিরোধীদের দাবি, প্রত্যাশা বাড়িয়ে বাস্তবে পরিষেবা না মিললে মানুষের ক্ষোভ স্বাভাবিকভাবেই বাড়বে। প্রথম দিনের অভিজ্ঞতার পর ‘জন কল্যাণ শিবির’ আদৌ জনকল্যাণের মাধ্যম, নাকি নতুন ভোগান্তির কারণ— তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে গোঘাটে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande