
কলকাতা, ১৬ জুন (হি.স.): সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রাপ্ত ভোটের খতিয়ান সামনে আসতেই কলকাতা পুরসভার ওয়ার্ডগুলির সীমানা পুনর্নির্ধারণ বা ‘ডি-লিমিটেশন’-এর পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেরই সীমানা পুনর্নির্ধারণ করা প্রয়োজন। রাজ্য নির্বাচন কমিশন এই বিষয়ে রাজ্য সরকারের কাছে সুপারিশ পাঠালে সরকার তা খতিয়ে দেখে ইতিবাচক বিবেচনা করবে।
ভোটার তালিকার পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে কলকাতার বিভিন্ন ওয়ার্ড ও বুথগুলির মধ্যে ভোটার সংখ্যার এক বিশাল অসামঞ্জস্য রয়েছে। প্রাপ্ত ভোটের হিসাব অনুযায়ী দেখা গেছে, কোথাও একটি বুথ বা ওয়ার্ড ভিত্তিক ভোটারের সংখ্যা প্রায় ৫০ হাজার, আবার কোথাও সেই সংখ্যা মাত্র ১৫ থেকে ১৬ হাজার। শুধু ভোটার সংখ্যাই নয়, এলাকা ভেদে বুথের সংখ্যাতেও রয়েছে বিস্তর তারতম্য।
এলাকার ভৌগোলিক পরিধি এবং ওয়ার্ডের বিন্যাস বিচারে গোটা কলকাতা শহর জুড়েই এই অসঙ্গতি স্পষ্ট। এই পরিস্থিতি দূর করতে এবং নাগরিক পরিষেবা আরও সুষমভাবে পৌঁছে দিতেই পুরসভার সীমানা পুনর্নির্ধারণে ১৪৪টি ওয়ার্ডে সরাসরি ডি-লিমিটেশনের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে তাঁর নেতৃত্বে ৪০ জন মন্ত্রী নিয়ে গঠিত রাজ্য মন্ত্রিসভা এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ ও সুপারিশের অপেক্ষায় রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত