
মালদা, ১৫ জুন (হি. স.) : মালদা জেলা পরিষদে নতুন করে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি এ টি এম রফিকুল হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ডিভিশনাল কমিশনারের কাছে চিঠি জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ১৭ জন সদস্য। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।মালদা জেলা পরিষদে মোট সদস্য সংখ্যা ৪৩। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের সদস্য রয়েছেন ৩৪ জন, বিজেপির ৪ জন এবং কংগ্রেসের ৫ জন। শাসকদলেরই একাংশের এই পদক্ষেপে জেলা পরিষদের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।অনাস্থা প্রস্তাব আনা সদস্যদের অভিযোগ, জেলা পরিষদের কাজকর্মে শুরু থেকেই সমন্বয়ের অভাব রয়েছে। পাশাপাশি সাধারণ সদস্যদের মতামত ও গুরুত্ব দেওয়া হয় না বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। প্রশাসনিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে তাঁদের অসন্তোষ দীর্ঘদিনের বলেও দাবি বিক্ষুব্ধ সদস্যদের।তবে এই অভিযোগের বিষয়ে সভাধিপতি বা সহকারী সভাধিপতির তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগামী দিনে এই অনাস্থা প্রস্তাব কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে জেলার রাজনৈতিক মহলের।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়