
হাফলং (অসম), ১৫ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলা প্রশাসন জাটিঙ্গা থেকে রেটজল হয়ে মিয়ুংক্রো পর্যন্ত পূর্ত সড়কের অত্যন্ত বেহাল অবস্থার পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে প্রশাসন। জেলা পরিবহণ আধিকারিক এবং জেলা পুলিশ সুপারের প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জনিয়েছে, জাটিঙ্গা-রেটজল-মিয়ুংক্রো সড়কের প্রায় ১৫ কিলোমিটার অংশে অসংখ্য বড় বড় গর্ত, ভাঙন এবং ব্যাপক জলাবদ্ধতার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সড়কটি যানবাহন চলাচলের জন্য অনিরাপদ হয়ে উঠেছে, বিশেষত ভারী যানবাহনের ক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কটির দ্রুত মেরামত ও সংস্কার জরুরি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে এবং ভারী বাণিজ্যিক যানবাহনের দীর্ঘ সারি ও যানজট এড়ানোর লক্ষ্যে, জাতিঙ্গা–মিয়ুংক্রো সেকশনের নতুন অ্যালাইনমেন্ট সড়কে দিনের বেলায় ভারী যানবাহন চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশ, আগামী ১০ দিনের জন্য শিলচর ও গুয়াহাটি অভিমুখী ২৭ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা-মিয়ুংক্রো নতুন অ্যালাইনমেন্ট সড়কে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪-টা পর্যন্ত ভারী যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। জেলা কমিশনারের কার্যালয় জানিয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী যান চলাচল অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব