
কলকাতা, ১৬ জুন (হি.স.): শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছল কৈলাশ-মানস সরোবর যাত্রা ২০২৬-এর প্রথম দলটি। নাথুলাপাস হয়ে সিকিমের পথ ধরে পবিত্র এই তীর্থযাত্রায় অংশ নেওয়া ৪১ জন যাত্রীকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মোট ৪৮ সদস্যের এই দলে ৪১ জন তীর্থযাত্রী ছাড়াও রয়েছেন দু’জন লিয়াজোঁ অফিসার ও একজন মেডিক্যাল অফিসার। এছাড়া যাত্রীদের সহায়তার জন্য আরও চারজন রাঁধুনি ও সহকারী আগেই গ্যাংটকে পৌঁছে গেছেন। তীর্থযাত্রীদের এই দলে দিল্লি থেকে সর্বাধিক ১১ জন এবং মহারাষ্ট্র থেকে ৬ জন যাত্রী রয়েছেন। এর পাশাপাশি হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, পঞ্জাব, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, ওড়িশা, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও বিহার থেকেও যাত্রীরা এসেছেন।
বাগডোগরায় সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের (STDC) আধিকারিকরা যাত্রীদের স্বাগত জানান। এখান থেকে গ্যাংটকে পৌঁছে তাঁদের প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একই সঙ্গে পাহাড়ি উচ্চতাজনিত পরিস্থিতির (অ্যাক্লাইমাটাইজেশন) সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সেখানে নির্দিষ্ট সময় কাটাবেন তাঁরা। এর পরই দলটি নাথুলা পাসের উদ্দেশে রওনা দেবে।
সিকিম সরকারের তরফে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের সুবিধার্থে স্বাস্থ্য পরীক্ষা, জরুরি পরিষেবা ও যোগাযোগ ব্যবস্থাসহ সমস্ত পরিকাঠামোগত প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। যাত্রাপথ যাতে সম্পূর্ণ নির্বিঘ্ন ও নিরাপদ হয়, সে দিকেও বিশেষ নজর রাখা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত