আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় প্রধানমন্ত্রীর কর্মসূচির জেরে ৭ দিন বন্ধ থাকবে রেড রোড
কলকাতা, ১৫ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবসে এবার কলকাতায় আয়োজিত মূল কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী রবিবার রেড রোডে আয়োজিত এই অনুষ্ঠানে বিশাল সংখক মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্
আন্তর্জাতিক যোগ দিবস


কলকাতা, ১৫ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবসে এবার কলকাতায় আয়োজিত মূল কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী রবিবার রেড রোডে আয়োজিত এই অনুষ্ঠানে বিশাল সংখক মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

এই কর্মসূচির ব্যাপক প্রস্তুতি খতিয়ে দেখে কলকাতা পুলিশ রেড রোড সাত দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঞ্চ তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত রেড রোডে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ দ্বারা জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০ জুন রাত দুটো থেকে এজেসি বোস রোড, মৌলালি মোড় এবং সেন্ট জর্জেস গেট রোডের দিক থেকে দক্ষিণ অভিমুখে যাওয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যোগ দিবস কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত এই রুটগুলিতে পণ্যবাহী গাড়ি বা লরি প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

এছাড়াও স্ট্র্যান্ড রোড থেকে রাজা উডমন্ট স্ট্রিট যাওয়ার রাস্তা এবং সিআর অ্যাভিনিউ থেকে দক্ষিণ দিকে জিসি অ্যাভিনিউ যাওয়ার রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ লাগু থাকবে। জওহরলাল নেহরু রোডের উভয় লেনেও নির্ধারিত সময়ের মধ্যে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে।

পুলিশ স্পষ্ট জানিয়েছে যে, ২১ জুন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত মেয়ো রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে, যোগ দিবস কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অনুমোদিত বিশেষ স্টিকারযুক্ত গাড়িগুলি মেয়ো রোড ব্যবহার করতে পারবে।

২০ জুন রাত দুটো থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত শহরের আরও বেশ কিছু রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ জারি থাকবে। এর মধ্যে রয়েছে হসপিটাল রোড (পূর্ব ও পশ্চিম), লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোড (ঘোড়া রেসকোর্স থেকে জে অ্যান্ড এন আইল্যান্ড পর্যন্ত), আরআর অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরণি, কুইন্সওয়ে, পলাশী গেট রোড, ডাফরিন রোড এবং আউটরাম রোড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ সফরে আসবেন এবং তার পরের দিন অর্থাৎ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশ নেবেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande