
উমরাংসো (অসম), ১৮ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত উনরাংসোর খাণ্ডং জলাধার এলাকায় টানা ভারী বৃষ্টিপাতের ফলে কপিলি জলাধারের জলের স্তর বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি বিবেচনায় জলাধারের জলের স্তর নিরাপদ সীমার মধ্যে রাখতে বুধবার রাত থেকে প্রয়োজন অনুযায়ী খাণ্ডং বাঁধের স্পিলওয়ে গেট ধাপে ধাপে খুলে জল ছাড়া হচ্ছে। খাণ্ডং বাঁধের সাতটি গেটের মধ্যে তিনটি গেট খুলে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছেন, ধাপে ধাপে গেট খোলার প্রয়োজন হলে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সময়ে সময়ে গেট খোলার সময়সূচি এবং কত পরিমাণ জল ছাড়া হচ্ছে সে সম্পর্কে তথ্য জানানো হবে। সাধারণ মানুষকে, বিশেষ করে কপিলি নদীর তীরবর্তী এবং জলাধারের নিম্নাঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
নদীর জল ব্যবহারের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পাশাপাশি যে কোনও দুর্ঘটনা এড়াতে গৃহপালিত পশু নদীর কাছাকাছি না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বলা হয়েছে, প্রাপ্ত তথ্য অনুযায়ী এপিজিসিএল-এর অধীন লংকু এলাকায় অবস্থিত লোয়ার কপিলি জলবিদ্যুৎ প্রকল্পের জলাধার নির্মাণের কাজ চলছে। এই তথ্য উমরাংশুস্থিত কপিলি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট স্টেশন (কেএইচপিএস)-এর জেনারেল ম্যানেজার (প্রযুক্তি), এইচএসএম-এর কার্যালয় থেকে জারি করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব