পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর দাবি বেসরকারি হাসপাতাল সংগঠনের, কলকাতায় রাজ্য সম্মেলন
কলকাতা, ১৯ জুন (হি.স.): পশ্চিমবঙ্গে জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত - প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ প্রকল্প দ্রুততার সঙ্গে কার্যকর ও বাস্তবায়নের দাবি জানাল অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটাল ওনার্স অ
প্রেস ক্লাব কলকাতায় এক অনুষ্ঠানের দৃশ্য বন্দী


কলকাতা, ১৯ জুন (হি.স.): পশ্চিমবঙ্গে জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত - প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ প্রকল্প দ্রুততার সঙ্গে কার্যকর ও বাস্তবায়নের দাবি জানাল অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন (পিএনএইচওএ)। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সংগঠনের রাজ্য সম্মেলনে শুক্রবার এই দাবি তোলা হয় এবং উপস্থিত সমস্ত সদস্য এই বিষয়ে সহমত পোষণ করেন।

​এদিনের বার্ষিক সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাসপাতাল প্রশাসক, নার্সিংহোম মালিক এবং স্বাস্থ্যক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে মূলত সুলভ ও মানসম্মত স্বাস্থ্যসেবার প্রসার, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করা এবং গ্রামীণ ও শহরতলি এলাকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে পূর্ণাঙ্গভাবে চালু হলে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা সাধারণ মানুষের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এর ফলে সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাও আরও সমন্বিত ও দক্ষ হয়ে উঠবে।

​পিএনএইচওএ-র রাজ্য সভাপতি ডা. গৌতম নারায়ণ সরকার বলেন, “আয়ুষ্মান ভারত প্রকল্পের সফল বাস্তবায়ন পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবার নাগালকে আমূল বদলে দিতে পারে। রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি এই জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণে সরকারের সহযোগী হিসেবে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত।”

​উক্ত সম্মেলনে সংগঠনের প্রধান উপদেষ্টাও ডা. মলয় পিট, আশুতোষ মণ্ডল, যুগ্ম সম্পাদক তাহের শেখ সহ স্বাস্থ্যক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ও স্থায়ী উন্নয়নের লক্ষ্যে আগামী দিনেও নীতিনির্ধারক ও প্রশাসনের সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে এই সংগঠন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande