
কলকাতা, ১৯ জুন (হি.স.): রাজ্য সরকার ঘোষিত ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা ও নিন্দা জানাল এসইউসিআই (কমিউনিস্ট)। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য শুক্রবার এক বিবৃতিতে এই কর্মসূচি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে চণ্ডীদাস ভট্টাচার্য জানান, রাজ্য সরকার আগামী ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে এবং তা রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপনের সরকারি নির্দেশিকা জারি করেছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এসইউসিআই(সি)। তাদের দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রতি কোনোভাবেই সহানুভূতিশীল ছিলেন না। দলের তরফে ঐতিহাসিক তথ্যের উল্লেখ করে বলা হয়েছে, ১৯৪২ সালের ঐতিহাসিক ‘ভারত ছাড়ো’ আন্দোলনের সময় হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি হিসেবে তিনি তৎকালীন বাংলার গভর্নর জন হার্বাটকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি আন্দোলন দমন করার জন্য কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন এবং ব্রিটিশ শাসনের প্রতি পূর্ণ আস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন।
সংশ্লিষ্ট বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে যে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ছিলেন, তখন এক ছাত্র ব্রিটিশ পতাকাকে অভিবাদন জানাতে অস্বীকার করায় তাকে শাস্তি দেওয়া হয়েছিল। পরবর্তীতে এর বিরুদ্ধে হওয়া ছাত্র আন্দোলনের জেরে আরও দুজন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। এই সমস্ত ঘটনার অবতারণা করে চণ্ডীদাসবাবু প্রশ্ন তোলেন, এমন এক বিতর্কিত ব্যক্তিত্বের মৃত্যুবার্ষিকী শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ম্বরে উদযাপনের যৌক্তিকতা কোথায়? এই কর্মসূচি তরুণ প্রজন্মের মধ্যে বিভ্রান্তি ছড়াবে দাবি করে রাজ্য সরকারের এই বিতর্কিত নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে এসইউসিআই(সি)।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত