
কলকাতা, ১৮ জুন (হি.স.) : তৃণমূল কংগ্রেসের দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত ধরনের আর্থিক লেনদেন অবিলম্বে বন্ধ করার অনুরোধ জানিয়ে একটি বেসরকারি ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখার ম্যানেজারকে চিঠি পাঠালেন দলের প্রবীণ নেতা অরূপ বিশ্বাস। চিঠিতে তিনি নিজেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 'কোষাধ্যক্ষ' হিসেবে দাবি করেছেন এবং দলের তহবিলের সুরক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন। তবে অরূপ বিশ্বাসের এই পদক্ষেপকে কেন্দ্র করে খোদ দলের অন্দরেই ইতিমধ্যেই বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন আয়োজিত তৃণমূল কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে শুভাশিষ চক্রবর্তীকে দলের নতুন কোষাধ্যক্ষ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এমতাবস্থায়, অরূপ বিশ্বাস কোন এক্তিয়ারে নিজেকে কোষাধ্যক্ষ দাবি করে ব্যাঙ্ককে এই চিঠি পাঠালেন, তা নিয়ে রাজনৈতিক ও আইনি বিতর্ক দানা বেঁধেছে। সূত্র মারফত জানা গেছে, অরূপ বিশ্বাসের পাঠানো ওই চিঠিতে ১৬ জুনের তারিখ উল্লেখ রয়েছে। চিঠিতে তিনি দাবি করেছেন যে, বর্তমানে দলের অভ্যন্তরে একটি অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি সংসদীয় দল এবং বিধানসভার বিধায়ক দলের মধ্যেও বিভাজনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং দলের প্রতীক ও তহবিলের নিয়ন্ত্রণ নিয়েও জটিলতা দেখা দিয়েছে।
চিঠিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে যে, বর্তমানের এই অভ্যন্তরীণ বিরোধ ও উদ্ভূত পরিস্থিতি সম্পূর্ণরূপে স্পষ্ট না হওয়া পর্যন্ত যেন তৃণমূলের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত ধরনের লেনদেন স্থগিত রাখা হয়। দলের তহবিল সুরক্ষিত রাখতে এবং যে কোনও ধরনের আর্থিক অনিয়মের আশঙ্কা এড়াতেই এই অনুরোধ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, অরূপ বিশ্বাসের এই চিঠির জেরে তৃণমূল কংগ্রেসের ভেতরের সাংগঠনিক বিবাদ ও ক্ষমতার লড়াই আরও তীব্র আকার ধারণ করতে পারে। একই সঙ্গে দলের আর্থিক অধিকার এবং আইনি প্রতিনিধিত্ব কার হাতে থাকবে, তা নিয়ে নতুন আইনি জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি, তবে অরূপ বিশ্বাসের এই আকস্মিক পদক্ষেপ তৃণমূলের অন্দরের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি