
কলকাতা, ১৮ জুন (হি. স.) : পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল বৃহস্পতিবার সকালে বিধানসভায়। নিয়ম অনুযায়ী, আগামী সোমবার রাজ্য বাজেট পেশ করা হবে। বাজেট পেশ করার আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন বা সবুজ সঙ্কেত মেলা আবশ্যক, অন্যথায় তা সভায় পেশ করা যায় না। এ নিয়ে সাংবিধানিক বাধ্যবাধকতাও রয়েছে। প্রসঙ্গত, তার আগে বৃহস্পতিবার থেকেই শুরু হতে চলেছে এই পর্বের বাজেট অধিবেশন। অষ্টাদশ বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে নবনির্বাচিত সদস্যদের নিয়ে এই প্রথম অধিবেশন বসছে। চলতি ২০২৬ - ২০২৭ আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ পর্বের এদিন সূচনা হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ বাজেট অভিভাষণের মধ্য দিয়েই সপ্তাহব্যাপী এই অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অধ্যক্ষ রথীন্দ্র বোস এই প্রসঙ্গে জানিয়েছেন যে, রাজ্যপালকে সভাকক্ষে অভ্যর্থনা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, অধিবেশনকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিধানসভা। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকার জন্য ৪১ জনের নতুন মন্ত্রিসভার প্রত্যেক সদস্যের কাছে ইতিমধ্যেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান পরিষদীয় মন্ত্রী ড. শঙ্কর ঘোষ। সেইসঙ্গে সংবাদমাধ্যমের গতিবিধিতেও নিয়ন্ত্রণ রাখা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত