
হাওড়া, ১৮ জুন (হি. স.): হাওড়ার বাগনান থানার সন্তোষপুর পাইকবাড়ি এলাকায় এক বিজেপি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম প্রশান্ত দে (৫০)। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই বিজেপি কর্মী, অতনু বেড়া ও অজয় মণ্ডল। তাঁদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার স্থানীয়দের একাংশ অভিযোগ করেন, বুধবার রাতে সন্তোষপুর পাইকবাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় প্রশান্ত দে-সহ তিন বিজেপি কর্মীর উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। বিজেপির দাবি, হামলাকারীরা তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক এবং পরিকল্পিতভাবেই তাঁদের উপর আক্রমণ করা হয়। মারধরের ঘটনায় গুরুতর জখম হন তিনজনই।স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে বাগনান মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় প্রশান্ত দে-র মৃত্যু হয়।এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আন্টিলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মফিজুল ইসলাম ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়