
হাওড়া, ১৮ জুন (হি.স.): রাজনৈতিক হিংসায় অশান্ত হয়ে উঠল হাওড়ার বাগনান। তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও তিন বিজেপি কর্মী। বুধবার গভীর রাতে বাগনানের সন্তোষপুরে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, নিহতের নাম প্রশান্ত দে (৩৯)। তাঁর বাড়ি বাঁটুল গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রাত প্রায় ১টা নাগাদ সংঘর্ষের ঘটনায় প্রশান্ত গুরুতর জখম হন। জখম আরও তিন জনকে বাগনান গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সংঘর্ষে বিজেপি কর্মী প্রশান্ত প্রাণ হারান। ঘটনার খবর পেয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার-সহ পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে যান। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ