


আইজল, ১৮ জুন (হি.স.) : পুলিশ আধুনিকীকরণের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সহায়তা প্রকল্প ২০২৫-২৬-এর অধীনে ২১৯টি নতুন গাড়ির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী লালদুহোমা। আজ বৃহস্পতিবার রাজধানী আইজলের মুআলপুইয়ে অবস্থিত ৩ নম্বর ব্যাটালিয়ন এমএপি প্যারেড গ্রাউন্ডে সবুজ পতাকা নেড়ে ‘অ্যাসিস্টেন্স টু স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ফর মডার্নাইজেশন অব পুলিশ স্কিম ২০২৫-২৬’ (এএসইউএমপি)-এর অধীনে নবক্রয়কৃত ২১৯টি পুলিশ যানবাহন উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন রাজ্যের গৃহমন্ত্রী কে সাপডাঙ্গা, শীর্ষ সাধারণ ও পুলিশ আধিকারিক এবং বিভিন্ন ইউনিটের প্রধানরা। এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মিজোরাম পুলিশের জন্য মোট ২১৯টি যানবাহন কেনার অনুমোদন দিয়েছে। এর মোট ব্যয় ৩৩.৮৩ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রের অংশ ৩০.৪৫ কোটি টাকা এবং রাজ্যের ৩.৩৮ কোটি টাকা।
নতুন যানবাহনগুলির মধ্যে রয়েছে বৈদ্যুতিক স্কুটার, মোটরবাইক, হালকা মোটরযান, ভারী ও মাঝারি মোটরযান, কারাগার ভ্যান, জলবাহী ট্যাংকার, ভিভিআইপি নিরাপত্তার জন্য বুলেট-প্রুফ যান এবং ট্রাফিক ব্যবস্থাপনা ও অপারেশনাল সহায়তার জন্য টোয়িং ট্রাক।
সরকারি সূত্রে জানানো হয়েছে, এই যানবাহনগুলি রাজ্যের ৪৪টি থানা, ১৫টি পুলিশ আউটপোস্ট, সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত ইউনিট, জেলা নির্বাহী বাহিনী এবং পুলিশ প্রশিক্ষণ বিদ্যালয়ের মধ্যে বিতরণ করা হবে। এর ফলে রাজ্যজুড়ে পুলিশি কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে এবং আইনশৃঙ্খলা রক্ষার পরিষেবা আরও উন্নত হবে।
২০২৫-২৬ অর্থবর্ষের স্টেট অ্যাকশন প্ল্যান অনুযায়ী পুলিশ আধুনিকীকরণ কর্মসূচির জন্য মিজোরাম ৪৩.৮৭ কোটি টাকা পেয়েছে। এই অর্থ নিরাপত্তা সরঞ্জাম, স্মার্ট পুলিশিং প্রযুক্তি, ফরেনসিক সরঞ্জাম এবং যানবাহন সহ বিভিন্ন আধুনিকীকরণ প্রকল্পে ব্যয় করা হবে, জানিয়েছে সরকারি সূত্র।
সরকারি সূত্র জানিয়েছে, ২০১৭ সালের পর পুলিশ আধুনিকীকরণ কর্মসূচির অদীনে যানবাহন ক্রয়ের অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি, ২০২১-২২ অর্থবর্ষের পর এই প্রকল্পে মিজোরাম কোনও কেন্দ্রীয় অর্থায়নও পায়নি। নতুন যানবাহনগুলির সংযোজনের ফলে রাজ্যের পুলিশ বাহিনীর কার্যক্ষমতা, জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সক্ষমতা, আইন প্রয়োগের দক্ষতা এবং জনসেবা প্রদানের মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করাছে রাজ্য প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস