
গুয়াহাটি, ১৮ জুন (হি.স.) : রাজ্যের শিক্ষাক্ষেত্রের বিস্তারিত পর্যালোচনা করতে এক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বৈঠকে নিম্ন, মাধ্যমিক, উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা ক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু এবং অর্থমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া, মুখ্যসচিব ড. রবি কোটা সহ সংশ্লিষ্ট দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বিভিন্ন স্তরের শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ ও ব্যয়ের পরিস্থিতি পর্যালোচনা করেছেন। নিযুত মইনা ও নিযুত বাবু সহ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির বাস্তবায়নের অগ্রগতি খতিয়ে দেখে এগুলি সময়মতো বাস্কবায়নের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এছাড়া বিনামূল্যে স্কুটার, বাই-সাইকেল ও পাঠ্যপুস্তক বিতরণের বিষয় এবং উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তার জন্য চালুকৃত রাজ্যের বিনামূল্যে ভর্তি প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করেছেন ড. শর্মা।
সরকারি মডেল কলেজ এবং চা বাগান মডেল স্কুলগুলির কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। পাশাপাশি বিভিন্ন শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে।
উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমানোর পদক্ষেপ, নতুন পদ সৃষ্টির প্রস্তাব এবং মাধ্যমিক বিদ্যালয়গুলিকে উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে উন্নীত করার পরিকল্পনাও বৈঠকে পর্যালোচনা করা হয়।
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সংশ্লিষ্ট সব দফতরকে নির্দেশ দিয়েছেন, যাতে চলমান শিক্ষা উদ্যোগগুলির সময়মতো কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা হয়। এর মাধ্যমে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং অসমের শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস