
শ্রীনগর, ১৮ জুন (হি.স.): আসন্ন অমরনাথ যাত্রাকে সামনে রেখে তীর্থযাত্রীদের নিরাপত্তা ও জরুরি সহায়তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিল কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিআরপিএফ)। জম্মু ও কাশ্মীরের বালতাল রুটে যাতায়াতকারী তীর্থযাত্রীদের জন্য একটি বিশেষ মাউন্টেন রেসকিউ টিম (এমআরটি) গঠন করা হয়েছে। দুর্গম পাহাড়ি পথে অসুস্থতা, দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয়ের মতো পরিস্থিতিতে এই দল দ্রুত উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার কাজ করবে।
বৃহস্পতিবার সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, ৩০ জন প্রশিক্ষিত জওয়ানকে নিয়ে গঠিত এই বিশেষ উদ্ধারকারী দলকে উচ্চ পার্বত্য অঞ্চলে উদ্ধারকাজের উপযোগী সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সজ্জিত করা হয়েছে। তাদের কাছে থাকবে অক্সিজেন সিলিন্ডার, বহনযোগ্য স্ট্রেচার, উদ্ধারকাজে ব্যবহৃত দড়ি, উচ্চতাজনিত অসুস্থতার ওষুধ, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং পর্যাপ্ত পানীয় জল।
অমরনাথ যাত্রার নোডাল অফিসার ও সিআরপিএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সুধীর কুমার জানান, বালতাল রুটের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এই উদ্ধারকারী দল মোতায়েন থাকবে। যাত্রাপথে কোনও তীর্থযাত্রী ক্লান্ত হয়ে পড়লে, শ্বাসকষ্ট, উচ্চতাজনিত সমস্যা বা অন্য কোনও শারীরিক অসুস্থতায় আক্রান্ত হলে তাঁরা তাৎক্ষণিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা পাবেন।
সুধীর কুমার, যিনি তৃতীয়বারের মতো অমরনাথ যাত্রার নিরাপত্তা ও সমন্বয়ের দায়িত্বে রয়েছেন, বলেন, শুধুমাত্র চিকিৎসা সহায়তাই নয়, ভূমিধস, আকস্মিক বন্যা বা অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় এই মাউন্টেন রেসকিউ টিম অন্যান্য উদ্ধারকারী সংস্থার সঙ্গেও যৌথভাবে কাজ করবে।
গত বছর থেকেই বালতাল রুটে সিআরপিএফের এই বিশেষ উদ্ধারকারী দল নিয়মিতভাবে মোতায়েন করা হচ্ছে। গত বছরের যাত্রায় বহু তীর্থযাত্রী ও যাত্রা পরিচালনার সঙ্গে যুক্ত কর্মীদের অক্সিজেন সরবরাহ, প্রাথমিক চিকিৎসা এবং জরুরি সহায়তা দিয়ে এই দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
এবারও অমরনাথ যাত্রায় নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা এবং দুর্যোগ মোকাবিলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সমন্বিতভাবে প্রস্তুতি নিচ্ছে। তারই অংশ হিসেবে সিআরপিএফের এই বিশেষ মাউন্টেন রেসকিউ টিমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য