
কোচবিহার, ১৮ জুন (হি.স.) : কোচবিহার জেলার দিনহাটায় বৃহস্পতিবার এক নজিরবিহীন ও চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলো। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে থানা থেকে বের করার সময় উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়তে হয়। উত্তেজিত ভিড় তাঁকে লক্ষ্য করে পচা ডিম ও জুতো নিক্ষেপ করে, যার ফলে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার কলকাতার ফুলবাগান এলাকার আবাসন থেকে কোচবিহার পুলিশ উদয়ন গুহকে জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় গ্রেফতার করেছিল। বৃহস্পতিবার তাঁকে সড়কপথে দিনহাটা থানায় নিয়ে আসা হয়। তাঁর গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে থানার বাইরে প্রচুর মানুষ ভিড় করতে শুরু করেন। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে পুলিশ আগেভাগেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে থানার গেট বন্ধ করে দেয় এবং লকআপের সামনে প্রিজন ভ্যান দাঁড় করিয়ে রাখে।
প্রাক্তন মন্ত্রীকে নিরাপদভাবে বের করে আনার জন্য পুলিশ তাঁকে হেলমেট পরায় এবং কড়া নিরাপত্তার মধ্যে গাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রিজন ভ্যানটি থানা থেকে বের হওয়া মাত্রই চারদিক থেকে জনতা ডিম ও জুতো ছুড়তে শুরু করে। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে ওঠে যে তা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। এরপর এলাকায় বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তার ঘেরাটোপে প্রথমে উদয়ন গুহকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর থেকে গোটা দিনহাটা এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে রয়েছে এবং পরিস্থিতির ওপর প্রশাসনের কড়া নজর রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি