
শান্তিপুর, ১৮ জুন (হি. স.):মিড-ডে মিলের খাবারে সামান্য একটু ভাত বেশি চাওয়াই কাল হলো পঞ্চম শ্রেণির এক ছাত্রের। অভিযোগ, সেই কারণেই স্কুলের গেটম্যানের হাতে মার খেয়ে আহত হতে হয়েছে ওই পড়ুয়াকে। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার কুতুবপুর জুনিয়র হাই স্কুলে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।স্থানীয় ও স্কুল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে মিড-ডে মিল খাওয়ার সময় পঞ্চম শ্রেণির এক ছাত্র কর্তব্যরত গেটম্যানের কাছে এক মুঠো ভাত বেশি চায়। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে ওই গেটম্যান ছাত্রটির মাথায় সজোরে চড় মারেন। চড়ের অভিঘাতে সে খাবারের থালার উপর মুখ থুবড়ে পড়ে যায়। থালার ধারালো অংশে আঘাত লেগে তার কপাল ফেটে যায় এবং রক্তপাত শুরু হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ছাত্রের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা স্কুলে বিক্ষোভ দেখান। অভিযুক্ত গেটম্যানের কঠোর শাস্তির দাবি ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়