বর্ধিত দিনেও জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড় গোঘাটে
হুগলি , ১৮ জুন (হি.স.): জনকল্যাণ শিবিরের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে বর্ধিত দিনে আয়োজন করা হয় বিশেষ ক্যাম্প। বৃহস্পতিবার গোঘাট ২ নম্বর ব্লকে অনুষ্ঠিত সেই জনকল্যাণ শিবিরে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্
গোঘাটের জনকল্যান শিবিরে উপচে পড়া ভিড়


হুগলি , ১৮ জুন (হি.স.): জনকল্যাণ শিবিরের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে বর্ধিত দিনে আয়োজন করা হয় বিশেষ ক্যাম্প। বৃহস্পতিবার গোঘাট ২ নম্বর ব্লকে অনুষ্ঠিত সেই জনকল্যাণ শিবিরে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন সরকারি পরিষেবা, অভিযোগ জমা দেওয়া এবং নানা প্রকল্প সংক্রান্ত তথ্য জানতে বহু মানুষ শিবিরে উপস্থিত হন।

শিবির প্রাঙ্গণে দীর্ঘ লাইন এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি প্রশাসনের নজর কেড়েছে। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে নিজেদের সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের কাছে।

এ প্রসঙ্গে বিজেপির মণ্ডল সভাপতি তমাল কান্তি ঘোষ তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “জনকল্যাণ শিবিরে মানুষের এই বিপুল ভিড়ই প্রমাণ করে যে রাজ্য সরকার মানুষের কাছে সঠিক পরিষেবা পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে। তৃণমূল সরকার দীর্ঘদিন ধরে উন্নয়নের কথা বললেও বাস্তবে সাধারণ মানুষ তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত। যদি সত্যিই উন্নয়ন হয়ে থাকত, তাহলে মানুষের এত সংখ্যায় শিবিরে ছুটে আসার প্রয়োজন পড়ত না।”

যদিও বিজেপির এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজনৈতিক মহলের মতে, জনকল্যাণ শিবিরকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক তরজা আগামী দিনে আরও বাড়তে পারে। অন্যদিকে, সাধারণ মানুষের একাংশ জানান, বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্প সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের আশায় তাঁরা এই শিবিরে এসেছেন। ফলে বর্ধিত দিনেও শিবিরে মানুষের ভিড় অব্যাহত থাকে।

গোঘাট ২ নম্বর ব্লকের এই জনকল্যাণ শিবিরে মানুষের ব্যাপক সাড়া প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক মহলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande