
কলকাতা, ১৮ জুন (হি.স.): রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে কোনও আইনি বাধা রইল না। এই কর্মসূচিকে কেন্দ্র করে রেড রোড বন্ধ রাখার যে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় কোনও ধরনের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না কলকাতা হাই কোর্ট। তবে জনস্বার্থের জন্য পুলিশকে বিকল্প রাস্তা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ২১ তারিখ অনুষ্ঠানের পরেই পুলিশকে রেড রোড খালি করে দেওয়ার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশ। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য পুলিশকে নির্দেশ দেন, সব নাগরিকের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে।
এ দিন মামলার শুনানিতে বিচারপতি রাজ্যের কাছে জানতে চান, কেন এই অনুষ্ঠান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করা হচ্ছে না? অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জানান, সেনাবাহিনী এই অনুষ্ঠানের জন্য রেড রোডের অনুমোদন দিয়েছে। এটা রাজ্য সরকারের অনুষ্ঠান। মাত্র ৮০০ মিটার রাস্তা বন্ধ করা হয়েছে। বাকি সব রাস্তা খোলা আছে। বিকল্প যাতায়াতের রাস্তার ব্যবহার করেছে পুলিশ। প্রধামন্ত্রীর নিরাপত্তা দেখে এসপিজি। ব্রিগেডে করলে নিরাপত্তার অভাব হতে পারে ৷ সেই কারণে রেড রোডে করা হচ্ছে এই অনুষ্ঠান। মামলায় সেনাবাহিনীকে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ