
হাইলাকান্দি (অসম), ১৮ জুন (হি.স.) : হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলায় ‘জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা (নিট)-র দুটি কেন্দ্রের পুনর্পরীক্ষা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমগ্র জেলা জুড়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। আগামী ২১ জুন হাইলাকান্দির দুটি নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে নিট-এর পুনর্পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার জারিকৃত এক নির্দেশিকায় জেলা ম্যাজিস্ট্রেট ন্যাশনাল টেস্টিং এজেন্সি কৰ্তৃক পরিচালিত নিট পরীক্ষা প্রক্রিয়ায় অসাধু চক্রের বিঘ্ন ঘটানো, বাধা দেওয়া, বিরক্ত করা বা বিপদ সৃষ্টি করার যে কোনও প্রচেষ্টাকে নস্যাৎ করতে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩’ (বিএনএসএস)-র ১৬৩ ধারা জারি করেছেন।
কঠোর ব্যবস্থার অংশ হিসেবে, প্রশাসন তিনটি সুনির্দিষ্ট স্তম্ভের অধীনে বিশেষ নিয়মাবলী বিস্তারিতভাবে উল্লেখ করেছে। এগুলি প্রবেশাধিকার নিষেধাজ্ঞা, নিষিদ্ধ সামগ্রী এবং বলবৎকরণ।
'প্রবেশাধিকার নিষেধাজ্ঞা'র অধীনে, পরীক্ষা গ্রহণের দিন অর্থাৎ ২১ জুন পরীক্ষার্থী এবং পরীক্ষা পরিচালনা ও পর্যবেক্ষণের কাজে নিয়োজিত আধিকারিক-কর্মচারী ছাড়া অন্য কোনও ব্যক্তিকে পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে বা অবস্থান করতে দেওয়া হবে না। 'নিষিদ্ধ সামগ্রী'র অধীনে, পরীক্ষার নির্দেশিকা দ্বারা নিষিদ্ধ যে কোনও সামগ্রী, যার মধ্যে ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল ফোন এবং অসদুপায় অবলম্বনে সাহায্য করতে পারে এমন অন্য যে কোনও উপাদান অন্তর্ভুক্ত (তবে এতেই সীমাবদ্ধ নয়), পরীক্ষা হল বা কক্ষে নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। 'বলবৎকরণ' এর অধীনে, এই আদেশ লঙ্ঘনকারী যে কোনও ব্যক্তির বিরুদ্ধে আইনগত বিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং পরীক্ষা প্রক্রিয়ার দিনও এটি বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস