
শিলিগুড়ি, ১৮ জুন (হি.স.): বজ্রপাতে মারা গেলেন এক গৃহবধূ। বুধবার রাতে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের গৌরিজোত এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত গৃহবধূর নাম গীতা রায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে প্রতিদিনের মতোই ঘরের স্বাভাবিক কাজকর্ম করছিলেন গীতা দেবী। কাজের শেষে তিনি বাড়ির পেছনের টিউবওয়েলের কাছে গেলে সেই সময় আচমকাই বজ্রপাত হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ