চার মাস পর নয়ডা থেকে উদ্ধার ডিমা হাসাওয়ের নিখোঁজ নাবালিকা
হাফলং (অসম), ১৮ জুন (হি.স.) : অসমের ডিমা হাসাও জেলার অন্তর্গত মাহুর থানা এলাকার এক নাবালিকাকে প্রায় চার মাস পর উত্তরপ্রদেশের নয়ডা থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর ডিমা হাসাও জেলার জেলিয়াংরং স্
চার মাস পর নয়ডা থেকে উদ্ধার ডিমা হাসাওয়ের নিখোঁজ নাবালিকা


হাফলং (অসম), ১৮ জুন (হি.স.) : অসমের ডিমা হাসাও জেলার অন্তর্গত মাহুর থানা এলাকার এক নাবালিকাকে প্রায় চার মাস পর উত্তরপ্রদেশের নয়ডা থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

দীর্ঘদিন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর ডিমা হাসাও জেলার জেলিয়াংরং স্টুডেন্টস ইউনিয়ন ডিমা হাসাও এবং উত্তর-পূর্বাঞ্চল বিষয়ক বিশেষ পুলিশ ইউনিটের যৌথ উদ্যোগে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

জানা গেছে, নাবালিকার পরিবার দীর্ঘদিন ধরে মেয়ের কোনও খোঁজ না পেয়ে সহায়তার জন্য জেলিয়াংরং স্টুডেন্টস ইউনিয়নের শরণাপন্ন হয়। পরিবারের দাবি, কাজের উদ্দেশ্যে তাঁদের মেয়েকে প্রথমে গুয়াহাটিতে পাঠানো হয়। পরে তাঁদের অজান্তে ও অনুমতি ছাড়াই তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে জেলিয়াংরং স্টুডেন্টস ইউনিয়ন বিষয়টি উত্তর-পূর্বাঞ্চল বিষয়ক বিশেষ পুলিশ ইউনিট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনে।

দ্রুত তদন্ত ও সমন্বিত তৎপরতার মাধ্যমে নাবালিকার অবস্থান উত্তরপ্রদেশের নয়ডায় শনাক্ত করা হয়। সে অনুযায়ী অভিযান চালিয়ে তাকে নিরাপদে উদ্ধার করা হয়।

নিখোঁজ মেয়েকে উদ্ধারের খবর পেয়ে পরিবারে স্বস্তি ফিরে এসেছে। এই সফল অভিযানের জন্য জেলিয়াংরং স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে উত্তর-পূর্বাঞ্চল বিষয়ক পুলিশ ইউনিটের যৌথ পুলিশ কমিশনার সহ সমগ্র দলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। সংগঠনের পদাধিকারীরা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ, নিষ্ঠা ও সহযোগিতার ফলেই নাবালিকাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনা নাবালক-নাবালিকাদের সুরক্ষায় ছাত্র সংগঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক নেটওয়ার্কগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি সামনে এনেছে। পাশাপাশি, কর্মসংস্থান বা শিক্ষার উদ্দেশ্যে সন্তানদের বাইরে পাঠানোর ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকতে এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande