
কলকাতা, ১৮ জুন (হি. স.): কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হয়ে বৃহস্পতিবার কলকাতার রাস্তায় নামল কংগ্রেস সেবাদল। ‘ওয়াশিং মেশিন রাজনীতি’র অভিযোগ তুলে আয়োজিত হয় এক প্রতীকী বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভকারীদের দাবি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুত্ব হারায় বা ধামাচাপা পড়ে যায়। সেই অভিযোগের প্রতীক হিসেবেই এদিন ‘ওয়াশিং মেশিন’ ব্যবহার করা হয়।এদিনের কর্মসূচিতে গ্যাসের মূল্যবৃদ্ধি, বুলডোজার অভিযানের নামে উচ্ছেদ এবং নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের আর্থিক দুরবস্থার বিষয়ও তুলে ধরা হয়। কংগ্রেস সেবাদলের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে ক্রমশ কঠিন করে তুলছে।প্রতিবাদে পুরুষ কর্মীরা অর্ধবস্ত্র অবস্থায় এবং মহিলা কর্মীরা খালি থালা-বাসন হাতে অংশ নেন। তাঁদের বক্তব্য, সাধারণ মানুষের দুর্দশা ও অভাবের চিত্র তুলে ধরতেই এই অভিনব প্রতিবাদের আয়োজন করা হয়েছে।লেডি ডাফরিন হাসপাতালের সামনে থেকে শুরু হওয়া মিছিল বউবাজার মোড় পর্যন্ত যায়। পথে বিজেপি বিরোধী স্লোগান ওঠে। পুলিশের উপস্থিতিতে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, মূল্যবৃদ্ধি ও জনস্বার্থের বিভিন্ন ইস্যুতে তাদের আন্দোলন আগামী দিনেও জারি থাকবে। অন্যদিকে, বিজেপি এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়