
কলকাতা, ১৮ জুন (হি. স.):-ট্রেনে জরুরি অ্যালার্ম চেন টানার অপব্যবহার নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করল পূর্ব রেল। ২০২৬ সালের মে মাসে অপ্রয়োজনীয়ভাবে অ্যালার্ম চেন টানার কারণে মোট ৮৬টি ট্রেন বিলম্বিত হয়েছে এবং এই ঘটনায় ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে বৃহস্পতিবার জানানো হয়।পূর্ব রেলের প্রকাশিত তথ্য অনুযায়ী, আসানসোল ও হাওড়া ডিভিশনে এই ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। তদন্তে উঠে এসেছে, অনেক যাত্রী নিজের বাড়ির কাছে ট্রেন থামাতে, ভুল স্টেশনে নেমে যাওয়ার আশঙ্কায়, ভুল ট্রেনে উঠে পড়ে কিংবা ট্রেনে উঠতে দেরি হওয়ায় জরুরি চেন টেনেছেন। এমনকি আত্মীয়কে বিদায় জানাতে গিয়ে ট্রেনে উঠে নামতে না পেরে চেন টানার ঘটনাও ঘটেছে। কোথাও আবার অসাবধানতাবশত অ্যালার্ম লিভারে হাত লেগে বা তার উপর ব্যাগ ঝুলিয়ে রাখার কারণেও ট্রেন থেমে যায়।এই সব ঘটনার জেরে বিভিন্ন সেকশনে ট্রেন ১৩ থেকে ১৭ মিনিট পর্যন্ত বিলম্বিত হয়েছে। মে মাসে মোট ৭২টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে আসানসোলে ৩৩ জন, হাওড়ায় ১৩ জন, মালদায় ৮ জন এবং শিয়ালদহে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, জরুরি পরিস্থিতি ছাড়া অ্যালার্ম চেন টানা আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি যাত্রীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, ‘‘অননুমোদিত অ্যালার্ম চেন টানা বন্ধ করুন, ট্রেনের সময়ানুবর্তী যাত্রা নিশ্চিত করুন।’’
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়