
মালদা, ১৮ জুন (হি. স.):-মালদার মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী দুই পরিবার থানায় অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় জেলার পুলিশ সুপার, জেলাশাসক এবং মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।অভিযোগ, কালিয়াচক-২ ব্লকের গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রামকৃষ্ণ ঘোষ ও রাজেশ মণ্ডলের প্রায় ২০ শতক জমি দখল করেছেন কালিয়াচক-২ পঞ্চায়েত সমিতির সদস্য বিউটি মণ্ডল-এর স্বামী তথা তৃণমূল নেতা পিন্টু মণ্ডল। তাঁরা দাবি করেছেন, জমি দখলের প্রতিবাদ করায় তাঁদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে।বৃহস্পতিবার অভিযোগকারীরা জানান, অতীতেও তাঁরা একাধিকবার মোথাবাড়ি থানা-য় অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। ফলে বাধ্য হয়ে তাঁরা জেলার ঊর্ধ্বতন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। অভিযুক্তের প্রভাবের কারণে এলাকায় শান্তিতে বসবাস করতে পারছেন না বলেও দাবি তাঁদের।যদিও এই অভিযোগ নিয়ে পিন্টু মণ্ডল বা বিউটি মণ্ডলের প্রতিক্রিয়া জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়