(আপডেট) ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার চন্দ্রনাথ ঘনিষ্ঠ তৃণমূল নেতা, আদালতে পেশের সময় ডিম ছুড়ে ক্ষোভ
বোলপুর, ১৮ জুন (হি.স.) : বীরভূমের বোলপুরে ভোট পরবর্তী হিংসা মামলায় বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। ২০২১ সালের বিধানসভা নির্বাচন উত্তর হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা ইন্দ্রজিৎ রায় ওরফে হারুকে গ্রেফতার করা হয়েছে।
(আপডেট) ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার চন্দ্রনাথ ঘনিষ্ঠ তৃণমূল নেতা, আদালতে পেশের সময় ডিম ছুড়ে ক্ষোভ


বোলপুর, ১৮ জুন (হি.স.) : বীরভূমের বোলপুরে ভোট পরবর্তী হিংসা মামলায় বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। ২০২১ সালের বিধানসভা নির্বাচন উত্তর হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা ইন্দ্রজিৎ রায় ওরফে হারুকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার হুগলির বলাগড় এলাকা থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। পরে তাঁকে বোলপুর মহকুমা আদালতে পেশ করা হলে, আদালত চত্বরেই চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং ক্ষুব্ধ জনতার একাংশ তাঁর দিকে লক্ষ্য করে ডিম ছোড়ে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত ইন্দ্রজিৎ রায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত অনুগামী হিসেবে পরিচিত। হারু বোলপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রুবি দাসের স্বামী এবং তিনি দলীয় শ্রমিক সংগঠনের (আইএনটিটিইউসি) শহর সভাপতি পদেও দায়িত্ব সামলেছেন। পুলিশি রেকর্ড অনুযায়ী, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বোলপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিলন সাঁতরার ওপর নৃশংস হামলা চালানো এবং তাঁর বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছিল হারুর বিরুদ্ধে। সেই সুনির্দিষ্ট মামলার ভিত্তিতেই দীর্ঘ তল্লাশির পর বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।

ভোট পরবর্তী হিংসার পাশাপাশি ইন্দ্রজিৎ রায় ওরফে হারুর বিরুদ্ধে এলাকায় ভয় দেখিয়ে এবং হুমকি দিয়ে কম দামে জমি হাতিয়ে নেওয়ার একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। সম্প্রতি একটি অডিও ক্লিপও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যেখানে সাধারণ মানুষকে নামমাত্র মূল্যে জমি বিক্রি করার জন্য তাঁর তরফে চাপ সৃষ্টি করার প্রমাণ মিলেছিল বলে অভিযোগ। এমনকি জমি দেওয়ার বিনিময়ে সরকারি আবাসন যোজনার (বাড়ি পাওয়ার) সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভনও দেখানো হতো বলে স্থানীয়দের দাবি। এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে এবং ঘটনার নেপথ্যে আর কারা জড়িত রয়েছে, তা জানতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande