গ্রেফতার জিয়াগঞ্জ-আজিমগঞ্জের পুরপ্রধান
মুর্শিদাবাদ, ১৮ জুন (হি.স.): দুর্নীতির অভিযোগে অবশেষে গ্রেফতার করা হলো জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার প্রধান প্রসেনজিৎ ঘোষকে। একই সঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর আরও তিন সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ এই পদক্ষেপ নেয়। এদিন দুপ
গ্রেফতার জিয়াগঞ্জ-আজিমগঞ্জের পুরপ্রধান


মুর্শিদাবাদ, ১৮ জুন (হি.স.): দুর্নীতির অভিযোগে অবশেষে গ্রেফতার করা হলো জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার প্রধান প্রসেনজিৎ ঘোষকে। একই সঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর আরও তিন সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ এই পদক্ষেপ নেয়। এদিন দুপুরে ধৃতদের লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনার সূত্রপাত বুধবার বিকেল থেকে। পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির কর্মী-সমর্থকরা জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পুরপ্রধান প্রসেনজিৎ ঘোষ দীর্ঘক্ষণ পুর-কার্যালয়ের ভেতরেই বন্দি হয়ে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। তবে উত্তেজিত জনতার বিক্ষোভের মুখে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেগ পেতে হয়। শেষমেশ রাত দেড়টা নাগাদ পুলিশ কঠোর নিরাপত্তার মধ্যে পুরপ্রধানকে উদ্ধার করে জিয়াগঞ্জ থানায় নিয়ে যায়। বুধবার রাতে যখন পুরপ্রধানকে কার্যালয় থেকে বের করে গাড়িতে তুলছিল পুলিশ, তখন বাইরে উত্তেজিত জনতা পুরপ্রধানকে লক্ষ্য করে ডিম ছোড়ে বলে অভিযোগ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande