বর্ষীয়ান সাংবাদিক ও সমবায় আন্দোলনের নেত্রী প্রীতি গুহ মজুমদারের প্রয়াণ
কলকাতা, ১৮ জুন (হি. স.) : প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক, সমবায় ও শ্রমিক আন্দোলনের নেত্রী প্রীতি গুহ মজুমদার। বৃহস্পতিবার সকালে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। দীর্ঘ দিন ধরেই তিনি
বর্ষীয়ান সাংবাদিক প্রীতি গুহ মজুমদার প্রয়াত


কলকাতা, ১৮ জুন (হি. স.) : প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক, সমবায় ও শ্রমিক আন্দোলনের নেত্রী প্রীতি গুহ মজুমদার। বৃহস্পতিবার সকালে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। দীর্ঘ দিন ধরেই তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

১৯৫৭ সালে দমদমে জন্ম প্রীতি গুহ মজুমদারের। ছাত্রাবস্থা থেকেই বামপন্থী রাজনীতি ও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সাংবাদিকতা পেশায় যোগ দেন। তৎকালীন প্রভাতী সত্যযুগ পত্রিকায় কর্মজীবন শুরু করে পরবর্তীকালে সংবাদপত্র কর্মীদের শ্রমিক আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন। তাঁর সহ-নেতৃত্বে ১৯৮৭ সালে গড়ে ওঠে সত্যযুগ এমপ্লায়িজ কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি।

প্রসঙ্গত, ২০০১ সালে সান্ধ্য সত্যযুগ পত্রিকার সূচনা লগ্ন থেকেই তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। সমবায় আন্দোলনের মাধ্যমে সংবাদপত্র প্রকাশ ও পরিচালনার ক্ষেত্রে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ডিরেক্টর প্রীতি গুহ মজুমদার শ্রমিক, মহিলা, ছাত্র ও যুব আন্দোলনের সঙ্গেও নিবিড় ভাবে যুক্ত ছিলেন। তাঁর প্রয়াণে সাংবাদিকতা ও সমবায় আন্দোলনের ক্ষেত্রে এক অপূরণীয় শূন্যতা তৈরি হল বলে মনে করছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। স্বামী, কন্যা ও জামাতাকে রেখে গিয়েছেন তিনি। উল্লেখ্য, প্রেস ক্লাব কলকাতার সদস্য ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande