
আগরতলা, ১৮ জুন (হি.স.) : নিট প্রশ্নফাঁস ও দেশের শিক্ষা ব্যবস্থার নানা সমস্যার প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার আগরতলায় বিক্ষোভ প্রদর্শন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। রাজধানী আগরতলায় প্যারাডাইস চৌমুহনী এলাকায় সংগঠনের রাজ্য শাখার উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ থেকে এদিন আন্দোলনকারীরা নিট পরীক্ষায় অনিয়ম ও কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সর্বভারতীয় স্তরের সমস্ত পরীক্ষা বেসরকারি এজেন্সির মাধ্যমে পরিচালনা না করে সরাসরি কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে পরিচালনার দাবি তোলা হয়।
তাঁরা আরও অভিযোগ করেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা সরকারি শিক্ষা ব্যবস্থায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ বাড়ানোর দাবিও জানান।
এদিন এআইডিএসও’র রাজ্য শাখার সভাপতি রামপ্রসাদ আচার্য জানান, কেন্দ্রীয় কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ১৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত দেশজুড়ে প্রতিবাদ সপ্তাহ পালিত হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই আগরতলায় এই বিক্ষোভ কর্মসূচি বলে তিনি জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ