
তারকেশ্বর , ১৮ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের আগে গেরুয়া আবহে সেজে উঠল তারকেশ্বর রাজবাড়ি।
হুগলি জেলার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বসম্পন্ন তারকেশ্বর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে উৎসবের আবহে মেতে উঠেছে। আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তাঁর এই সফরকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক মহলেও তুঙ্গে উত্তেজনা। ইতিমধ্যেই বৃহস্পতিবার তারকেশ্বরের ঐতিহাসিক রাজবাড়ি চত্বর গেরুয়া রঙে সেজে উঠেছে। রাজবাড়ির বিভিন্ন অংশে গেরুয়া পতাকা, ব্যানার ও আলোকসজ্জার মাধ্যমে তৈরি হয়েছে এক বিশেষ পরিবেশ।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গের ভারতভুক্তি ও পৃথক পশ্চিমবঙ্গ গঠনের আন্দোলনের সঙ্গে তারকেশ্বরের ঐতিহাসিক যোগ রয়েছে। সেই কারণেই পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রীর সভার জন্য তারকেশ্বরকে বেছে নেওয়া হয়েছে। রাজবাড়ি মাঠ এবং আশপাশের এলাকায় জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজবাড়ি চত্বরসহ গোটা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা নিয়মিত পরিদর্শন করছেন সভাস্থল ও সংলগ্ন এলাকাগুলি। পাশাপাশি দূরদূরান্ত থেকে আগত মানুষদের সুবিধার জন্যও নেওয়া হচ্ছে একাধিক ব্যবস্থা।
স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, বহু বছর পর তারকেশ্বর এমনভাবে জাতীয় রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শহরের বিভিন্ন প্রান্তে চলছে সাজসজ্জা ও প্রচার। গেরুয়া রঙে সেজে ওঠা ঐতিহ্যবাহী রাজবাড়ি যেন ২০ জুনের অপেক্ষায় প্রহর গুনছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA