
তারকেশ্বর , ১৮ জুন (হি.স.): আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই বৃহস্পতিবার তারকেশ্বর এলাকায় শুরু হয় হেলিকপ্টারের মহড়া।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এদিন নির্ধারিত হেলিপ্যাড এলাকায় একাধিকবার হেলিকপ্টার ওঠানামার মহড়া চলে। উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, পুলিশ কর্তারা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। হেলিকপ্টারের অবতরণ, উড্ডয়ন, নিরাপত্তা বলয় এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়গুলি খতিয়ে দেখা হয় মহড়ার মাধ্যমে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সমস্ত ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কোনও রকম খামতি রাখা হচ্ছে না। সভাস্থল, হেলিপ্যাড এবং সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে তারকেশ্বর ও আশপাশের এলাকায় রাজনৈতিক মহলেও উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, পশ্চিমবঙ্গ দিবসের এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে কর্মী-সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি শুরু হয়েছে।
২০ জুনের এই সফরকে ঘিরে এখন জোরকদমে চলছে প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি। তারই অংশ হিসেবে এদিনের হেলিকপ্টার মহড়া প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA