
মুর্শিদাবাদ, ১৯ জুন (হি.স.): নিখোঁজ হওয়ার পরদিনই গ্রামেরই একটি পুকুর থেকে উদ্ধার হলো এক যুবকের দেহ। শুক্রবার সকালে দেহ উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার ভোলাডাঙা গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম উত্তম হাঁসদা।
শুক্রবার স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন উত্তমবাবু। তারপর আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাঁর কোনও হদিশ মেলেনি। এরপর শুক্রবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে গ্রামেরই একটি পুকুরে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে তাঁরা শনাক্ত করেন যে দেহটি নিখোঁজ উত্তম হাঁসদার। তড়িঘড়ি খবর দেওয়া হয় নবগ্রাম থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। তারা পুকুর থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ