
দেবপ্রয়াগ, ২ জুন (হি.স.): উত্তরাখণ্ডের তেহরি জেলার দেবপ্রয়াগে ঘটল পথ দুর্ঘটনা। মঙ্গলবার ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নদীতে উল্টে পড়ে একটি গাড়ি । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ব্যক্তির, আহত এক। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃত এবং আহতের পরিচয় এখনও পর্যন্ত অজানা। রাজ্য প্রশাসন ইতিমধ্যেই রাজ্যের দুর্যোগ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে (এসডিআরএফ) মোতায়ন করেছে।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , দেবপ্রয়াগের একটি হোটেল এবং পান্ত গ্রামের মধ্যবর্তী ডাম্পিং জোনের কাছে ওই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রতক্ষ্যদর্শীদের মতে, গাড়িটির গতি বেশি থাকায় চালক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি দেওয়াল ভেঙে নিচের গঙ্গা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর গাড়িটি নদীর প্রবল স্রোতে ভেসে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং দুর্যোগ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছে উদ্ধারকার্য শুরু করে। উদ্ধার হওয়া দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গুরুতর আহত এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গঙ্গায় স্রোতের টান বেশি হওয়ায় উদ্ধারকার্যের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয় বিপর্যয় মোকাবিলা দলকে । গাড়িতে ঠিক কতজন যাত্রী ছিল কিংবা দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক