
নদিয়া, ২ জুন (হি.স.): পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য চালু হওয়া 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে এক বড়সড় অনিয়মের ঘটনা সামনে এসেছে। নদিয়া জেলার কৃষ্ণনগর-২ ব্লকে এমন ১৭৩ জন উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে, যারা পুরুষ হওয়া সত্ত্বেও এই প্রকল্পের আর্থিক সুবিধা নিচ্ছিলেন। মঙ্গলবার
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপভোক্তাদের তালিকা খতিয়ে দেখার সময় এই অসঙ্গতি ধরা পড়ে। জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই ব্যক্তিদের নাম প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং তারা নিয়মিতভাবে আর্থিক সহায়তাও পাচ্ছিলেন। সম্প্রতি 'অন্নপূর্ণা প্রকল্প'-এর উপভোক্তাদের যাচাইকরণ (ভেরিফিকেশন) করার সময় এই চাঞ্চল্যকর বিষয়টি প্রকাশ্যে আসে।
প্রশাসন ইতিমধ্যেই এই ১৭৩ জন সন্দেহভাজন উপভোক্তাকে চিহ্নিত করেছে। প্রকল্পটির তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য কৃষ্ণনগর-২ ব্লকের বিডিও জেলা শাসকের কাছে লিখিত আবেদন পাঠিয়েছেন।
এই ঘটনায় সরকারি স্তরে অনিয়মের অভিযোগে বিডিও অফিসের কর্মী ভোলা শীলকে 'কারণ দর্শানোর' (শো-কজ) নোটিশ জারি করা হয়েছে। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। অভিযুক্ত কর্মীর মায়ের দাবি, তাঁর ছেলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হচ্ছে তাকে।
হিন্দুস্থান সমাচার / সোনালি