
হবিবপুর, ২ জুন (হি. স.): রাজ্যের নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর হবিবপুরে ফিরতেই উষ্ণ অভ্যর্থনা পেলেন বিজেপি বিধায়ক তথা নবনিযুক্ত প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। সোমবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর রাতেই তিনি নিজের বিধানসভা কেন্দ্র হবিবপুরে ফিরে আসেন। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।এদিন কেন্দপুকুর এলাকায় পৌঁছে জয়েল মুর্মু বিজেপির তিন নম্বর মণ্ডলের সভাপতি সঞ্জীব সরকারের কর্মস্থলে যান। সেখানে দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শুভেচ্ছা গ্রহণ করেন। হবিবপুরের প্রথম মন্ত্রীকে সামনে পেয়ে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়।এই উপলক্ষে বিজেপির হবিবপুর ৩ নম্বর মণ্ডলের সভাপতি সঞ্জীব সরকার নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি এলাকার ব্যবসায়ীরাও তাঁকে অভিনন্দন জানান এবং নতুন দায়িত্ব পাওয়ার জন্য শুভকামনা জানান।মন্ত্রীকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আবহ লক্ষ্য করা যায়। অনেকেই ফুলের তোড়া ও শুভেচ্ছা বার্তা দিয়ে তাঁকে স্বাগত জানান। জয়েল মুর্মু সকলের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আশ্বাস দেন। তাঁর এই সফরকে ঘিরে হবিবপুর জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়