
হুগলি, ২ জুন (হি.স.): প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬০ হাজার টাকা নেওয়ার অভিযোগে হুগলির জাঙ্গিপাড়ায় এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবারের এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হাবিবুর রহমান। তিনি জাঙ্গিপাড়া ব্লকের ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের বাকচা গ্রামের বাসিন্দা এবং ১০০ দিনের কাজ (মনরেগা)-এর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি বাড়ি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি এক ব্যক্তির কাছ থেকে মোট ৬০ হাজার টাকা নেন। অভিযোগকারী দাবি করেন, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে ওই টাকা নেওয়া হলেও শেষ পর্যন্ত বাড়ি মেলেনি। এরপর তিনি জাঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং একই ধরনের অন্য কোনও অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয় সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনও ব্যক্তিকে অর্থ দেওয়ার প্রয়োজন নেই। কেউ এ ধরনের দাবি করলে অবিলম্বে প্রশাসন বা পুলিশের কাছে অভিযোগ জানানো উচিত। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে একাধিক রাজনৈতিক নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জাঙ্গিপাড়ার এই ঘটনাকেও সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখছে প্রশাসনিক মহল। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর রয়েছে সকলের।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA