
কলকাতা, ২ জুন (হি.স.): ধর্মতলায় ওয়াই চ্যানেলে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ। মঞ্চ বাঁধার অনুমতি পায়নি তৃণমূল। ট্রাম ডিপোর শেডে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চরম স্লোগানিং ও চেঁচামেচিতে ভাষণ থামাতে বাধ্য হন তিনি বলে অভিযোগ।
ধর্মতলায় ধর্নামঞ্চে পৌঁছে তৃণমূল সুপ্রিমো ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ,‘আমাকে মাইক পর্যন্ত দেওয়া হয়নি। এই অত্যাচার, এই অনাচার মানা যায় না।’ পার্টিতে ভাঙনের জল্পনার মধ্যেই ভোটের ফলাফলের পর তৃণমূল সুপ্রিমোর এটাই প্রথম কর্মসূচি। আর তাতেই বিশৃঙ্খলা!
উল্লেখ্য, প্রথমে ঠিক ছিল রানি রাসমণি অ্যাভিনিউতে এই কর্মসূচি হবে। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। লালবাজারের তরফে বলা হয়, বিকল্প জায়গা হিসাবে তৃণমূল ওয়াই চ্যানেলে কর্মসূচি করতে পারে। তার পরে সোমবার দফায় দফায় তৃণমূল নেতৃত্ব কথা বলেন। মৌখিক ভাবে ঠিক হয়, মঙ্গলবার দুপুরে ২ ঘণ্টার জন্য ওয়াই চ্যানেলে ধর্নার অনুমতি দেওয়া হবে। বেলা ২টো থেকে ৪টে পর্যন্ত এই কর্মসূচি হওয়ার কথা ছিল। তার আগেই এই বিশৃঙ্খলা।
হিন্দুস্থান সমাচার / সংবাদ