
হাফলং (অসম), ২ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলার শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে আজ মঙ্গলবার উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাফলঙে অবস্থিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে পৌরোহিত্য করেছেন সিইএম দেবোলাল গার্লোসা।
জেলার শিক্ষা বিভাগের বর্তমান অবস্থা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক রূপালি লাংথাসা, পার্বত্য পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, শিক্ষা বিভাগের যুগ্মসচিব এবং জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধানশিক্ষকরা।
বৈঠকে জেলার বিদ্যালয়গুলোর পরিকাঠামো উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, বিদ্যালয় পরিচালনার দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শিক্ষালাভের ফলাফল আরও উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলো যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, সেগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে বৈঠকে।
এছাড়া চলমান বিভিন্ন শিক্ষা-সংক্রান্ত প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। জেলার প্রত্যেক শিক্ষার্থীর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে শিক্ষক, প্রশাসন এবং নীতিনির্ধারকদের সমন্বিত ও আন্তরিক ভূমিকার ওপর জোর দেন উপস্থিত বক্তারা।
বৈঠকের এক বিশেষ আকর্ষণ ছিল জেলার একটি উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি প্রদান। টোবাকো ফ্রি এডুকেশনাল ইনস্টিটিউশনস্ প্রোগ্রাম ২০২৫–২৬-এ সমগ্র অসমের মধ্যে দ্বিতীয় স্থান অর্জনের জন্য ডিমা হাসাও জেলাকে সম্মানিত করা হয়। এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট আধিকারিক এবং প্রতিনিধিদের হাতে শংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হয়েছে।
এই অর্জন জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যকর, সচেতন ও তামাকমুক্ত পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে প্রশাসন, শিক্ষক সমাজ এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। জেলার শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেছন বৈঠকে উপস্থিতরা।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব