জুনের শুরুতেই ঝড়-বৃষ্টি, রাজস্থানের ১৯ টি জেলায় জারি হলুদ সতর্কতা
জয়পুর, ২ জুন (হি.স.) : ঝড়-বৃষ্টি দিয়ে জুন মাসের সূচনা হয়েছে রাজস্থানে। আবহাওয়া দফতর ২ জুন রাজ্যের ১৯টি জেলায় ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ জুন পর্যন্ত আবহাওয়ার এই পরিবর্তিত পরিস্থিতি বজায় থাকবে
জুনের শুরুতেই ঝড়-বৃষ্টি, রাজস্থানের ১৯ টি জেলায় জারি হলুদ সতর্কতা


জয়পুর, ২ জুন (হি.স.) : ঝড়-বৃষ্টি দিয়ে জুন মাসের সূচনা হয়েছে রাজস্থানে। আবহাওয়া দফতর ২ জুন রাজ্যের ১৯টি জেলায় ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ জুন পর্যন্ত আবহাওয়ার এই পরিবর্তিত পরিস্থিতি বজায় থাকবে। টানা বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং বহু শহরে পারদ স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে এসেছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সোমবার কোটা, উদয়পুর, জয়সলমীর, বারমের, আজমের, চিত্তৌড়গড়, নাগৌর, যোধপুর, পালি, টঙ্ক, আলওয়ার, সাওয়াই মাধোপুর ও জয়পুর-সহ একাধিক জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। কয়েকটি এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে। সোমবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফলোদিতে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

জয়সলমীর জেলার স্যাম স্যান্ড ডিউনস এলাকার একটি হেরিটেজ রিসর্টে প্রবল ঝড়ের সময় বড় দুর্ঘটনা ঘটে। লোকশিল্পীদের ড্রেসিং রুমের দেওয়াল ভেঙে পড়ে ২৫ বছর বয়সি লোকশিল্পী স্বরূপ খানের মৃত্যু হয়। এই ঘটনায় দুই তরুণী-সহ আরও তিনজন শিল্পী আহত হন। অন্যদিকে, বারমের জেলার রামসর উপখণ্ডের পাবুসরিয়া গ্রামে ঝড়ের সময় একটি টিনশেড ঘর ভেঙে পড়ে বাবা ও ছেলে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন। একই এলাকায় ঝড় থেকে বাঁচতে বাড়ির বাইরে বের হওয়ার সময় এক মহিলার মাথায় লোহার অ্যাঙ্গেল পড়ে গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধার করেন।

সোমবার দুপুরের পর রাজ্যের বিভিন্ন অংশে ব্যাপক বৃষ্টি হয়। চিতোরগড়ে সর্বাধিক ২০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া টঙ্কের নিওয়াইয়ে ১১ মিমি, আজমেরে ১২.৬ মিমি এবং নাগৌরে ১৩ মিমি বৃষ্টি হয়েছে। ফলোদি ও নাগৌরে বৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে। উদয়পুরের গোগুন্দা এলাকায় প্রবল বৃষ্টিতে বহু দোকানে জল ঢুকে পড়ে। কোটাতেও বৃষ্টির ফলে তীব্র গরম থেকে স্বস্তি পেয়েছেন মানুষ।

গত কয়েকদিনের দাবদাহ ও তাপপ্রবাহের পর বৃষ্টি এবং শীতল হাওয়ায় আবহাওয়া অনেকটাই মনোরম হয়ে উঠেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande