
যোধপুর, ২ জুন (হি.স.): রাজস্থানের যোধপুরের কায়লানা হ্রদ থেকে উদ্ধার দুই ব্যক্তির দেহ। প্রথম দেহটি উদ্ধার হয় সোমবার সন্ধ্যায় , দ্বিতীয়টি মঙ্গলবারে। কায়লানা হ্রদ থেকে ওই দুই ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে চাঞ্চল্য। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তবে অপরজনের পরিচয় এখনও জানা যায়নি। তাদের মধ্যে একজনের নাম জেঠু সিং (৪৫) ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ৩০ মে মৃত জেঠু সিং বাড়ি থেকে বেরিয়েছিলেন । তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও বাড়ি না ফেরায় ৩১ মে তাঁর পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তের পর হাতি খালের কাছে একটি মোবাইল ফোন ও একজোড়া চপ্পল পাওয়া যায়, যা নিখোঁজ জেঠু সিংয়ের বলে অনুমান করা হচ্ছিল। মৃতদেহটি খুঁজতে কায়লানায় পুলিশ ডুবুরি মোতায়েন করা হয়।
মঙ্গলবার তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় জেঠু সিংয়ের মৃতদেহ ।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় পুলিশ আরও একটি মৃতদেহ উদ্ধার করে যার পরিচয় এখনও পর্যন্ত অজানা। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর. গায়ের রঙ শ্যামবর্ণ এবং মাঝারি গড়নের। মৃতদেহটি দুদিনের পুরোনো হওয়ায় শরীর ফুলে ওঠে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক