
শিলিগুড়ি, ২ জুন (হি.স.): শিলিগুড়ির ফুলবাড়ি-গজলডোবা তিস্তা ক্যানাল রোডের পারোমুণ্ডা এলাকায় মঙ্গলবার দুপুরে জলে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। মৃতদের নাম দীপ বিশ্বাস এবং কৃষ্ণ মণ্ডল। তারা অম্বিকানগর এলাকার বাসিন্দা ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চার বন্ধু মিলে সাইকেল নিয়ে ক্যানালের সাব-ক্যানালে স্নান করতে এসেছিল। স্নান করার সময় দীপ ও কৃষ্ণ ক্যানালের জলে নামে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা গভীর জলে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা বাকি বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় মানুষের সহায়তায় উদ্ধারকাজ শুরু হয়। পরে ক্যানালের জল থেকে দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি